আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদণ্ড ও বাংলাদেশের বিচারিক প্রেক্ষাপট
ট্রাইব্যুনালের রায়: অভিযোগ, প্রমাণ এবং আইনগত ভিত্তি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল ৪৫৩ পৃষ্ঠার দীর্ঘ রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করেন। এই মামলায় আসামিদের বিরুদ্ধে মূলত পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে ছিল সুপিরিয়র কমান্ড রেসপনসেবিলিটি (Superior Command Responsibility) এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ (Joint Criminal Enterprise)-এর অধীনে মানবতাবিরোধী অপরাধের দায়।
০১। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযোগসমূহ:
চানখাঁরপুল হত্যাকাণ্ড: ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুলে আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যার ঘটনা।
আশুলিয়া হত্যাকাণ্ড: একই দিনে আশুলিয়ায় ছয়জন আন্দোলনকারীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা।
শেখ হাসিনাকে এই দুটি অভিযোগের দায়ে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
০২। গুরুত্বপূর্ণ প্রমাণাদি:
প্রসিকিউশন পক্ষে মোট ৫৪ জন সাক্ষী হাজির করা হয়, যাদের মধ্যে বিশেষজ্ঞ (!) এবং ভুক্তভোগী (?)/তাদের পরিবারের সদস্যরা ছিলেন। রায়ে শেখ হাসিনার “কথোপকথনের অডিও” রেকর্ডিংকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে তাকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে শোনা যায়। ট্রাইব্যুনাল সিদ্ধান্তে পৌঁছাতে রোম স্ট্যাটিউটের ৭ নম্বর অনুচ্ছেদকে ভিত্তি হিসেবে ধরেছেন বলে বলা হয়েছে। বিচারকেরা রায়ে সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে, আসামিরা "নির্বিচারে ও নৃশংসভাবে মানুষ হত্যা(!) করে যে ঘৃণিত অপরাধ করেছে, তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায় বিচার নিশ্চিত হবে না।"
০৩। সম্পত্তি বাজেয়াপ্ত ও ক্ষতিপূরণের আদেশ:
রায় অনুসারে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহত আন্দোলনকারীদের ক্ষতিপূরণ দিতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
০৪। রাজসাক্ষীর ভূমিকা:
মামলার তৃতীয় আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় (Approver) তার সাজা কমিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদণ্ড নিয়ে প্রশ্ন
রায়ের পর পরই হিউম্যান রাইটস ওয়াচ (HRW) এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International)-সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিচারিক প্রক্রিয়া নিয়ে কঠোর সমালোচনা করে বিবৃতি দেয়। তাদের প্রধান উদ্বেগের বিষয়গুলো ছিল নিম্নরূপ:
০১। অনুপস্থিতিতে বিচার (Trial In Absentia):
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল উভয়ই দেশত্যাগী এবং তাদের অনুপস্থিতিতে বিচারকার্য পরিচালনা করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এই প্রক্রিয়াকে "অন্যায্য, তড়িঘড়ি এবং মানবাধিকার লঙ্ঘনকারী" হিসেবে আখ্যা দিয়েছেন। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না থাকা এবং তাদের পছন্দের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত না হওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন।
০২। আইনি সুরক্ষার ঘাটতি:
সংস্থাগুলো উল্লেখ করেছে, আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (State Defense) থাকলেও, তিনি আসামিদের কাছ থেকে কোনো নির্দেশনা পাননি এবং সাক্ষীদের জেরা করতে পারলেও অভিযোগ খণ্ডনের জন্য কোনো সাক্ষী হাজির করতে পারেননি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ, সাক্ষী জিজ্ঞাসাবাদের অধিকার এবং নিজের পছন্দের আইনজীবী পাওয়ার অধিকার—এই সবই আন্তর্জাতিক ন্যায়বিচারের অংশ, যা এই মামলায় রক্ষা করা হয়নি বলে HRW উদ্বেগ প্রকাশ করেছে।
০৩। ট্রাইব্যুনালের নিরপেক্ষতা:
HRW এবং অ্যামনেস্টি উভয় সংস্থাই দীর্ঘকাল ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্বাধীনতার অভাব এবং রাজনৈতিক মামলায় ব্যবহৃত হওয়ার ইতিহাস নিয়ে সমালোচনা করে আসছে। অ্যামনেস্টির মতে, এই বিচার সেই আদালতে পরিচালিত হয়েছে, যে আদালতের নিরপেক্ষতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে।
০৪। মৃত্যুদণ্ডের বিরোধিতা:
মানবাধিকার সংস্থাগুলোর সবচেয়ে বড় আপত্তি হলো মৃত্যুদণ্ড নিয়ে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না। তাদের মতে, এটি "চূড়ান্ত নিষ্ঠুর, অবমাননাকর এবং অমানবিক শাস্তি।" তাদের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের হত্যাকাণ্ডের ভুক্তভোগীরা ন্যায়বিচার পাওয়ার যোগ্য, কিন্তু মৃত্যুদণ্ড কেবল মানবাধিকার লঙ্ঘনকে আরও জটিল করে তোলে।
০৫। সাংবিধানিক জটিলতা:
এইচআরডব্লিউ বাংলাদেশের সংবিধানের ৪৭(৩) এবং ৪৭এ ধারার দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেছে, এই ধারাগুলো আন্তর্জাতিক অপরাধে অভিযুক্তদের আইনি সুরক্ষা এবং প্রতিকার চাওয়ার অধিকার থেকে বঞ্চিত করে, যা সবার জন্য সমান সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পরিপন্থী।
বিচার বনাম জবাবদিহিতা: একটি ভারসাম্য রক্ষা
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগটিও ফেলে দেওয়ার মতো নয়। কমান্ড রেসপনসিবিলিটির মতো জটিল আইনি ধারায় যখন কোনো রাষ্ট্রে প্রধানকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, তখন সেই বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপকে বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছ ও বিতর্কহীন হতে হয়। অভিযুক্তদের অনুপস্থিতি, অপর্যাপ্ত আইনি প্রস্তুতি এবং মৃত্যুদণ্ডের ব্যবহার — এই সব বিষয় আন্তর্জাতিক মহলে রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের এই রায় বাংলাদেশের বিচার ব্যবস্থার সামনে এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অভিযুক্তদের ন্যায্য বিচার পাওয়ার অধিকারও আন্তর্জাতিক আইনের অংশ।
আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে একটি সম্পূর্ণরূপে নিরপেক্ষ, সব ধরনের পক্ষপাতের সন্দেহের বাইরে থাকা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা এখন সময়ের দাবি। যদি এই রায়কে আন্তর্জাতিক মহলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হয়, তবে উচ্চতর আদালতে আপিল প্রক্রিয়া এবং প্রত্যর্পণ প্রক্রিয়ায় যেন অভিযুক্তদের মৌলিক অধিকার ও ন্যায্য বিচার নিশ্চিত হয়, তা নিশ্চিত করা অত্যাবশ্যক। এই রায়ের চূড়ান্ত ফল যাই হোক না কেন, এটি বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি ও বিচারিক ইতিহাসে একটি দীর্ঘ আলোচনার বিষয় হয়ে থাকবে, যা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার চ্যালেঞ্জগুলো তুলে ধরবে।
আপনার মতামত ও প্রতিক্রিয়া কী তা কমেন্টে লিখে জানান। কমেন্ট বক্স সকলের জন্য উন্মুক্ত।

মন্তব্যসমূহ