সমুদ্রের ঢেউয়ের গাণিতিক রহস্য: যে ধাঁধার সমাধান হলো ৩০০ বছর পর
সমুদ্র—মানবজাতির কাছে চিরকালই এক অপার বিস্ময় ও রহস্যের আধার। শান্ত দিনে তার নীল জলরাশি যেমন আমাদের মনে প্রশান্তি এনে দেয়, তেমনি ঝড়ের সময় তার ভয়াল, উন্মত্ত ঢেউগুলো প্রকৃতির আদিম শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। প্রাচীন গ্রিকরা বলত, সাগরের ঢেউয়ের শব্দ নাকি মানুষের প্রতি সমুদ্রের উপহাস বা অট্টহাসি। মানুষ চাঁদ, নক্ষত্র, বা আলো নিয়ে অনেক কিছু জানলেও, সমুদ্রের ঢেউয়ের গতি ও আচরণ দীর্ঘদিন পর্যন্ত মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল।
এই ঢেউগুলো শুধু প্রকৃতির খেয়ালখুশি নয়, এরা অনুসরণ করে এক গভীর গাণিতিক রহস্য (Mathematical Mystery)। আর এই রহস্যের সমাধান খুঁজতে গিয়েই গণিতবিদ ও বিজ্ঞানীরা কেটেয়ে দিয়েছেন প্রায় ৩০০ বছর। ঢেউ কেন ভাঙে, কখন ভাঙে এবং কোন নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে—এই ছিল সেই জটিল ধাঁধা। অবশেষে, ইতালীয় ও মার্কিন গণিতবিদদের একটি দল শক্তিশালী কম্পিউটেশনাল অ্যালগরিদম ব্যবহার করে এর চূড়ান্ত সমাধান করেছেন, যা সমুদ্রবিজ্ঞান এবং ফলিত গণিতের ইতিহাসে এক যুগান্তকারী আবিষ্কার।
প্রথম পর্যায়: ইউলারের সমীকরণ ও গণিতের দুঃস্বপ্ন
সমুদ্রের ঢেউয়ের রহস্যের মূল শিকড় প্রোথিত রয়েছে ১৮ শতকে। গণিত এবং পদার্থবিজ্ঞানের অন্যতম কিংবদন্তী পুরুষ লিওনার্দ ইউলার (Leonhard Euler) তখন পানির প্রবাহ ব্যাখ্যা করার জন্য কিছু মৌলিক সমীকরণ তৈরি করেন।
ইউলারের এই সমীকরণগুলো হলো তরল গতিবিদ্যার (Fluid Dynamics) ভিত্তি। এগুলি মূলত নিউটনের গতির সূত্রগুলিকে একটি তরল পদার্থের কণার উপর প্রয়োগ করে তৈরি করা হয়েছিল। কাগজে-কলমে এই সমীকরণগুলো দেখতে সহজ মনে হলেও, বাস্তব ক্ষেত্রে এদের সমাধান করা ছিল এক দুঃস্বপ্ন। ইউলারের সমীকরণগুলি ধরে নেয় যে—পানির কোনো অভ্যন্তরীণ ঘর্ষণ বা সান্দ্রতা (Viscosity) নেই। যদি আপনি পানির প্রতিটি কণার অবস্থান ও গতিবেগ নিখুঁতভাবে জানতে পারেন, তবেই এই সমীকরণ ব্যবহার করে তার ভবিষ্যৎ আচরণ বলা সম্ভব।
কিন্তু বাস্তবে সমুদ্রের ঢেউ, সুনামি বা ঘূর্ণিপাকের আচরণ এতই জটিল যে, এই সমীকরণগুলি ব্যবহার করে পূর্বাভাস দেওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। এর কারণ হলো— ঢেউয়ের আচরণ অ-রৈখিক (Non-linear), যার অর্থ হলো— ছোট কোনো কারণও বিশাল প্রভাব ফেলতে পারে এবং এর গতিপথ সরলরেখায় ব্যাখ্যা করা যায় না। আর এই অ-রৈখিকতাই ইউলারের সমীকরণকে ৩০০ বছর ধরে এক দুর্বোধ্য রহস্যের বেড়াজালে আবদ্ধ করে রেখেছিল।
দ্বিতীয় পর্যায়: স্টোকস ওয়েভ ও স্থিতিশীলতার ভুল ধারণা
ইউলারের সমীকরণের জটিলতা যখন বিজ্ঞানীদের মাথাব্যথার কারণ, ঠিক তখন ১৯ শতকে (১৮০০ সালের দিকে) এই রহস্যের জট খোলার চেষ্টা করেন ব্রিটিশ গণিতবিদ ও পদার্থবিদ স্যার জর্জ গ্যাব্রিয়েল স্টোকস (Sir George Gabriel Stokes)। শৈশবে সমুদ্রে সাঁতার কাটার এক ভীতিকর অভিজ্ঞতা তাঁকে ঢেউয়ের প্রতি আগ্রহী করে তোলে।
১৮৪৭ সালে, তিনি ইউলারের সমীকরণের ওপর ভিত্তি করে একটি নতুন তরঙ্গ তত্ত্ব (Wave Theory) দিলেন। স্টোকস যুক্তি দিলেন, যদি বাইরের কোনো বড় বাধা না থাকে, তবে সাগরের ঢেউগুলো অনন্তকাল ধরে একটি নির্দিষ্ট ছন্দে চলতে থাকবে। বিজ্ঞানের ইতিহাসে এই স্থিতিশীল ঢেউগুলোকে স্টোকস ওয়েভ (Stokes Wave) নামে পরিচিত।
স্টোকস এবং তাঁর পরবর্তী বিজ্ঞানীরা মনে করতেন, এই ঢেউগুলি যথেষ্ট স্থিতিশীল (Stable)। তাঁদের ধারণা ছিল, ছোটখাটো কোনো ধাক্কা, বাতাসের ঝাপটা বা অন্যান্য ক্ষুদ্র পরিবর্তন লাগলে ঢেউয়ের আকার নষ্ট হবে না। এই স্থিতিশীলতার ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ, যদি ঢেউ এতই অস্থির হতো, তবে কোনো ঢেউই মাঝসমুদ্র থেকে হাজার মাইল পাড়ি দিয়ে তীর পর্যন্ত পৌঁছাতে পারত না।
তৃতীয় পর্যায়: বেঞ্জামিন-ফেয়ার অস্থিরতা ও ধাঁধার আসল মোড়
স্টোকসের তত্ত্বটি দীর্ঘকাল ধরে সমুদ্রবিজ্ঞানের মূল ভিত্তি হিসেবে গৃহীত হলেও, ১৯৬৭ সালে এই ধারণায় বড় ধরনের ফাটল ধরল। টি. ব্রুক বেঞ্জামিন (T. Brooke Benjamin) এবং তাঁর ছাত্র জিম ফেয়ার (Jim Feir) ল্যাবরেটরিতে স্টোকসের তত্ত্ব পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন।
তাঁরা একটি লম্বা ট্যাংকে কৃত্রিমভাবে তরঙ্গ বা ঢেউ তৈরি করলেন। কিন্তু পরীক্ষার ফলাফল বিজ্ঞানীদের অবাক করে দিল। দেখা গেল, ঢেউগুলো ট্যাংকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর আগেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে!
শুরুতে তাঁরা যন্ত্রপাতিতে ত্রুটি মনে করলেও, পরে প্রমাণিত হলো— স্টোকস ওয়েভ আসলে স্থিতিশীল নয়। সামান্য একটু নড়াচড়া বা ক্ষুদ্র বাহ্যিক পরিবর্তন এলেই এই ঢেউগুলো নিজেদের ছন্দ হারিয়ে ফেলে এবং এলোমেলোভাবে ভেঙে যায়। এই ঘটনাটি বেঞ্জামিন-ফেয়ার ইনস্ট্যাবিলিটি (Benjamin-Feir Instability) নামে পরিচিত।
এই আবিষ্কারের পর বিজ্ঞানীরা বুঝতে পারলেন, ঢেউয়ের অস্থিরতা কোনো বাহ্যিক কারণ নয়, বরং এর বীজ ইউলারের সমীকরণের মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু একটি মৌলিক প্রশ্ন থেকেই গেল:
"ঠিক কোন ধরনের ধাক্কায় ঢেউ ভাঙে, আর কোন ধরনের ধাক্কায় ভাঙে না?"
প্রশান্ত মহাসাগরের মাঝখানের কোনো ঝড়ের প্রভাব কি ক্যালিফোর্নিয়ার বিচে আছড়ে পড়া ঢেউকে নষ্ট করে দিতে পারে, নাকি তার আগেই ঢেউ মিলিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর জানতে পারলে ৩০০ বছরের পুরোনো ইউলারের সমীকরণের ব্যবহারিক প্রয়োগ সম্ভব হবে।
চতুর্থ পর্যায়: 'আইসোল' - অস্থিরতার দ্বীপ এবং আধুনিক সমাধান
এই প্রশ্নের উত্তর খুঁজতে একদল ইতালীয় গণিতবিদ কাজ শুরু করেন। এই দলে ছিলেন আলবার্তো মাসপেরো (Alberto Maspero), মাসিমিলিয়ানো বার্টি (Massimiliano Berti) এবং তাঁর ছাত্র পাওলো ভেনতুরা (Paolo Ventura)। তাঁদের সঙ্গে যুক্ত হন মার্কিন গণিতবিদ বার্নার্ড ডেকোনিঙ্ক (Bernard Deconinck) এবং কেটি অলিভেরাস (Katie Oliveras)।
২০১১ সাল থেকে তাঁরা কম্পিউটারে সিমুলেশন শুরু করলেন। তাঁরা দেখতে চাইলেন, ঢেউয়ের ওপর বিভিন্ন কম্পাঙ্কের (Frequencies) ধাক্কা বা ক্ষুদ্র আলোড়ন (Perturbation) সৃষ্টি করলে কী হয়। যেমন, একটি ছোট নৌকার ঘন ঘন ঢেউয়ের ফ্রিকোয়েন্সি আর একটি বিশাল জাহাজের ধীর গতির ভারী ঢেউয়ের ফ্রিকোয়েন্সি—এগুলি আলাদাভাবে ঢেউয়ের স্থিতিশীলতা কীভাবে পরিবর্তন করে।
ডেকোনিঙ্ক ও অলিভেরাস কম্পিউটারে এক অদ্ভুত ও অপ্রত্যাশিত প্যাটার্ন দেখতে পেলেন:
০১। প্রথমে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ঢেউ ভেঙে যাচ্ছে (অস্থিতিশীল)।
০২। এরপর একটু বেশি ফ্রিকোয়েন্সিতে ঢেউ ঠিক থাকছে (স্থিতিশীল)।
০৩। এরপর আরও বেশি ফ্রিকোয়েন্সিতে ঢেউ আবার ভেঙে যাচ্ছে (অস্থিতিশীল)।
অর্থাৎ, অস্থিরতা এবং স্থিতিশীলতার একটি পর্যায়ক্রমিক প্যাটার্ন তৈরি হচ্ছে—প্রথমে অস্থিরতা, তারপর শান্ত, তারপর আবার অস্থিরতা। এই স্থিতিশীলতার অঞ্চলগুলো সাগরের বুকে ছোট ছোট দ্বীপের মতো জেগে আছে বলে মনে হলো। ইতালীয় ভাষায় দ্বীপকে বলা হয় 'আইসোল' (Isole)। তাই তারা এই প্যাটার্নের নাম দিলেন—আইসোল (Islands of Instability)।
তাঁরা দাবি করলেন, ঢেউয়ের এই অস্থিরতার দ্বীপগুলো অসীম পর্যন্ত (Infinitely) চলতেই থাকবে। অর্থাৎ, ঢেউয়ের স্থিতিশীলতা কোনো এলোমেলো ঘটনা নয়, এটি একটি সুনির্দিষ্ট গাণিতিক প্যাটার্ন মেনে চলে। কিন্তু এই দাবিকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করার জন্য প্রয়োজন ছিল জটিল গাণিতিক হিসাব। আর সেখানেই পৃথিবীর বাঘা বাঘা গণিতবিদরা আটকে যাচ্ছিলেন।
পঞ্চম পর্যায়: জেইলবার্গারের কম্পিউটার ও চূড়ান্ত প্রমাণ (২০২৪)
২০১৯ সালে ডেকোনিঙ্ক তাঁর এই অদ্ভুত আবিষ্কারের কথা গণিতবিদ মাসিমিলিয়ানো বার্টিকে জানান। বার্টি এবং মাসপেরো তাঁদের ছাত্র পাওলো ভেনতুরাকে নিয়ে প্রমাণের কাজে হাত দেন। কাজটা ছিল রীতিমতো অসম্ভব কঠিন।
প্রাথমিকভাবে, আইসোলের প্রথম ধাপের অস্থিরতা প্রমাণ করতেই তাঁদের ৪৫ পাতার বিশাল এক গাণিতিক হিসাব কষতে হয়েছিল। এই কাজে সময় লেগেছিল প্রায় এক বছর! এরপর তাঁরা শক্তিশালী কম্পিউটারের সাহায্য নিতে শুরু করেন। তাঁদের কম্পিউটার প্রথম ২১টি আইসোলের প্রমাণ বের করতে পারল, কিন্তু এরপরের অঙ্ক এত জটিল হয়ে গেল যে, সাধারণ কম্পিউটার আর কুলাতে পারছিল না।
মাসপেরো যোগাযোগ করলেন রুতজার্স ইউনিভার্সিটির গণিতবিদ ডোরন জেইলবার্গার (Doron Zeilberger)-এর সঙ্গে। জেইলবার্গার কম্পিউটার অ্যালগরিদমে বিশেষজ্ঞ। তিনি তাঁর নিজস্ব শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে এই চ্যালেঞ্জটি গ্রহণ করেন। মজার বিষয় হলো, এই গণিতবিদ তাঁর কম্পিউটারের একটি নামও দিয়েছেন—শালোশ বি. একাদ (Shalosh B. Eked)—এবং এটিকে তাঁর গবেষণাপত্রের একজন লেখক হিসেবেও জায়গা দিয়েছেন!
জেইলবার্গারের শক্তিশালী কম্পিউটার প্রথম ২ হাজারটি আইসোলের হিসাব মাত্র ২০ ঘণ্টায় বের করে ফেলল। অবশেষে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে গণিতবিদেরা চূড়ান্ত গাণিতিক প্রমাণে পৌঁছালেন।
ফলাফল: ডেকোনিঙ্ক ও অলিভেরাস সঠিক ছিলেন। সাগরের ঢেউয়ের স্থিতিশীলতা বা অস্থিরতা কোনো এলোমেলো ঘটনা নয়। এটি একটি সুনির্দিষ্ট গাণিতিক প্যাটার্ন মেনে চলে, যা অসীম পর্যন্ত বিস্তৃত।
গাণিতিক রহস্যের পরিসমাপ্তি ও ভবিষ্যতের পথ
এই যুগান্তকারী আবিষ্কারের ফলে বিজ্ঞানীরা এখন ৩০০ বছরের পুরোনো ইউলারের সমীকরণ (Euler's Equations) ব্যবহার করে বলে দিতে পারেন—ঠিক কোন ধরনের ধাক্কা বা বাতাস লাগলে সাগরের ঢেউ টিকে থাকবে, আর কখন সেটি ভেঙে যাবে। যেই রহস্য গত ২০০ বছর ধরে বিজ্ঞানীদের বোকা বানাচ্ছিল, তা অবশেষে সমাধান হলো।
এই গবেষণার প্রভাব সুদূরপ্রসারী:
রোগ ওয়েভ (Rogue Wave) পূর্বাভাস: হঠাৎ বিশাল আকারের যে খুনি ঢেউগুলো (রোগ ওয়েভ) তৈরি হয়, তার পূর্বাভাস দেওয়ার জন্য এই গাণিতিক মডেল কাজে আসতে পারে।
উপকূলীয় প্রকৌশল (Coastal Engineering): সমুদ্রের ধারে বাঁধ বা অন্যান্য কাঠামো তৈরির ক্ষেত্রে ঢেউয়ের স্থিতিশীলতার সঠিক হিসাব পাওয়া যাবে।
নৌযান নকশা (Ship Design): জাহাজের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ঢেউয়ের আচরণ সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে।
তবে, এই সমাধানের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা এখনও রয়ে গেছে। গবেষকদের বর্তমান গাণিতিক মডেলটিতে পানির নিজস্ব ঘর্ষণ বা সান্দ্রতাকে (Viscosity/Friction) হিসাবে ধরা হয়নি। বাস্তব সাগরে ঘর্ষণ একটি বড় ভূমিকা রাখে। যেমন— ইতালির ত্রিয়েস্তে শহরে ‘বোরা’ বাতাসের দাপটে ঢেউগুলো তীর থেকে উল্টো দিকে গভীর সমুদ্রের দিকে ছুটলেও, তা অল্প দূর গিয়েই থেমে যায়। মাসপেরো মনে করেন, হয়তো এই ঘর্ষণের কারণেই ঢেউগুলো মিলিয়ে যায়।
এই ঘর্ষণ বা সান্দ্রতাকে সমীকরণে অন্তর্ভুক্ত করাটাই এখন বিজ্ঞানীদের পরবর্তী লক্ষ্য। সেই রহস্যের সমাধান হয়তো অন্য কোনো একদিন হবে। কিন্তু আপাতত, গণিত প্রমাণ করে দিল যে, সমুদ্রের সবচেয়ে সাধারণ ঢেউটিও প্রকৃতির এক খামখেয়ালি গাণিতিক ধাঁধা, যা শেষ পর্যন্ত মানব মন ও গাণিতিক যুক্তির কাছে হার মানতে বাধ্য।

মন্তব্যসমূহ